হালিশহরে যুবক খুন
চট্টগ্রামের হালিশহর থানাধীন রঙ্গিপাড়া এলাকায় শাহাদাৎ হোসেন (২৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত শুক্রবার রাতে নিজ বাসার অদূরে পদ্মা আবাসিক এলাকার খালি মাঠে তাঁকে খুন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাজ্জাদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।নিহত শাহাদাৎ হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়। মাস ছয়েক আগে কিরিচ ও ছোরাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী এক ছেলেকে কয়েক দিন আগে ছুরিকাঘাত করেছিলেন শাহাদাৎ। এ ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার রাতে আহত ওই ছেলের ভাই সাজ্জাদ কয়েকজন যুবককে নিয়ে জড়ো হন। শাহাদাৎকে একা পেয়ে তাঁর বুক ও পিঠে ছুরিকাঘাত করেন সাজ্জাদ ও তাঁর সহযোগীরা।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডে সাজ্জাদসহ পাঁচ-ছয়জন অংশ নিয়েছে। অন্য সবার নামধাম আমরা পেয়েছি। আর রাতে ছুরিকাঘাতে আহত হওয়ার পর শাহাদাৎকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় নিহত শাহাদাতের বোন মামলা করেছেন বলে তিনি জানান।