হালুয়াঘাটে পরিবহন ধর্মঘট অব্যাহত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় কয়লা আমদানি ও ব্যবসার বিরোধের জের ধরে দ্বিতীয় দফায় তিন দিন ধরে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বাস-ট্রাক চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া লোকজন।
গোবরাকুড়া স্থলবন্দরের কয়লা আমদানিকারক, পরিবহন মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবরাকুড়া স্থলবন্দরের আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগরের সঙ্গে পরিবহন মালিক সমিতির সদস্য ও কয়লা ব্যবসায়ী জাফর খানের মধ্যে কয়লার ব্যবসা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই পরিবহন মালিক সমিতি গত শুক্রবার থেকে উপজেলায় পরিবহন ধর্মঘট ডাকে। পরে শনিবার দুপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা হয়। এদিকে গত রোববার সন্ধ্যায় জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর সমিতি রোববার রাত থেকে আবার ধর্মঘট ডাকে।
জাফর খান বলেন, গোবড়াকুড়া বন্দরের সাধারণ সম্পাদক আলী আজগরসহ প্রভাবশালী কয়েকজনের কাছে অনেক আমদানিকারক ও পরিবহন শ্রমিক জিম্মি। এসব অন্যায়ের প্রতিবাদেই ধর্মঘট ডাকা হয়েছে। আলী আজগর বলেন, ‘ধর্মঘটের নামে কয়েক ব্যক্তি নিজেদের সুবিধা আদায় করতে চান। ধর্মঘটের নামে প্রতিদিন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হচ্ছে।’