ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বন্দরের ব্যবসায়ী সমিতির সঙ্গে পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে পাঁচ দিন ধরে পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে হালুয়াঘাটের দুটি স্থলবন্দর। এতে বন্দর দুটির প্রায় এক হাজার ব্যবসায়ী ও প্রায় ১০ হাজর শ্রমিক ক্ষতির মুখে পড়েছেন।
দ্রুত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়ে গতকাল বুধবার দুপুরে হালুয়াঘাট উপজেলা সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন বন্দর দুটির ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, জেলা পরিবহন মালিক সমিতির হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি জাফর আলী খানের সঙ্গে গোবরাকুড়া বন্দরের আমদানিকারক সমিতির মহাসচিব আলী আজগরের ব্যক্তিগত বিরোধের জের ধরে গত শুক্রবার থেকে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
গোবরাকুড়া ও কড়ইতলী বন্দরের ব্যবসায়ীরা জানান, প্রতিবছর অক্টোবর থেকে দুটি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হলেও এ বছর ভারতের একটি পরিবেশবাদী সংগঠন সে দেশের আদালতে মামলা করায় দীর্ঘদিন কয়লা আমদানি বন্ধ ছিল। ২১ এপ্রিল থেকে আমদানি শুরু হয়। কিন্তু আমদানি শুরুর তিন দিন পর থেকেই পরিবহন ধর্মঘটের কারণে বন্দর দুটিতে কয়লা পড়ে আছে। এসব কয়লা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
এ ব্যাপারে জাফর আলী খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোন ধরেনি।