হালুয়াঘাটে গারোদের ওয়ানগালা উৎসব উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত আসকিপাড়া গ্রামে আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষেরা ঐতিহ্যবাহী নাচ-গান ও প্রার্থনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ওয়ানগালা বা ওয়ান্না উৎসব উদ্যাপন করেছে।এ উৎসব উপভোগ করতে গত বৃহস্পতিবার রাতটা এ গ্রামেই কাটান অস্ট্রেলীয় হাইকমিশনার উইলিয়াম হান্না, বিখ্যাত নাট্যকার মামুনুর রশীদসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী সম্প্র্রদায়ের নেতারা। সকালে প্রার্থনাপর্ব ও দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছেলে-বুড়ো সবাই মিলে মাঠে বসে একসঙ্গে চো (স্থানীয়ভাবে ভাত থেকে তৈরি মদ) ও খোজি (শূকরের মাংস) খাওয়ার পর্বে অংশগ্রহণ করে। গারোদের সাংস্কৃতিক বৈচিত্র্যে মুগ্ধ অস্ট্রেলীয় হাইকমিশনার উইলিয়াম হান্না বলেন, এজাতীয় উৎসব তিনি এর আগে কখনো উপভোগ করেননি। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও তিনি যোগ দেবেন।নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘এ অনুষ্ঠান আমার প্রাণের সঙ্গে মিশে গেছে। এ অনুষ্ঠান কেবল গারোদের নয়, আমাদেরও অনেক প্রিয়। আর তাই এ আয়োজনের প্রথম বছর থেকে সব কটি উৎসবেই এসেছি আমি।’বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও ওয়ান্না উৎসবের আহ্বায়ক সঞ্জীব দ্রং বলেন, ওয়ান্না সুন্দরের প্রতীক। গারো বা মান্দিদের আত্মপরিচয় ও সংস্কৃতির ভিত্তি।