হালুয়াঘাটে প্রশ্নপত্র ফাঁস এইচএসসির একটি বিষয়ের পরীক্ষা বাতিল
ময়মনসিংহের হালুয়াঘাটে এইচএসসির (ব্যবসায় ব্যবস্থাপনা) প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার ‘প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং’ বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ওই বিষয়ের পরীক্ষা বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ওই বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু গত রোববারই ওই বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে চলে যায়। ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি পরীক্ষার্থীদের কাছে চড়া দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে। হালুয়াঘাটের কুতিকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তারা ‘ব্যবসায় উদ্যোগ’ বিষয়ের প্রশ্নপত্রের সঙ্গে ‘প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং’ বিষয়ের প্যাকেট ভুল করে থানা থেকে নিয়ে আসেন। পরে তা ফাঁস হয়ে যায়।পুলিশ ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, কুতিকুড়া টেকনিক্যালের সাচিবিক বিদ্যার প্রভাষক মোস্তাফিজুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তাফা সকালে থানা থেকে প্রশ্নপত্র নিয়ে আসেন। পরে ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রশ্নপত্র ছাড়াও অন্য প্যাকেট দেখে তাঁদের সন্দেহ হয়। বাড়তি প্যাকেট খুলে তাঁরা ‘প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং’ বিষয়ের প্রশ্নপত্র পান। পরে তা তাঁরা থানায় জমা দেন। কিন্তু এর মধ্যে কয়েকটি প্রশ্নপত্র কেউ হাতিয়ে নিয়ে তা ফটোকপি করে। পরে তা চড়া দামে বিক্রি হতে থাকে। ঘটনা জানতে পেরে কারিগরি শিক্ষা বোর্ড জরুরি সভা ডেকে ওই পরীক্ষা বাতিল করে। ১১ মে পরীক্ষাটির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।কুতিকুড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সুজিত মজুমদার বলেন, ভুলক্রমে দুটি বিষয়ের প্রশ্ন থানা থেকে কলেজে চলে আসে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।ঘটনা তদন্তে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হামিদের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। আবদুল হামিদ জানান, তাঁরা তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন।