হাশেম রেজা হত্যা মামলায় আপিলে খালাস ১৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

২৭ বছর আগে নওগাঁর বদলগাছিতে হাশেম রেজা চৌধুরী ওরফে টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ আসামি খালাস পেয়েছেন।

যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বিভাগ আজ বুধবার এ রায় দেন।

তবে কোন যুক্তিতে আসামিদের খালাস দেওয়া হয়েছে, তা পূর্ণাঙ্গ রায় পেলে জানা যাবে, বলছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সারোয়ার আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আইনজীবীদের তথ্যমতে, ১৯৯৪ সালের ৩ জুলাই নওগাঁর বদলগাছি থানার কেশাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়া নিয়ে ঝগড়ার জেরে চিকিৎসক নুরুল ইসলাম তাঁর লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। গুলিতে হাশেম রেজা চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় সেদিনই বদলগাছি থানায় মামলা করেন নিহত ব্যক্তির ভাই আবুল হাসনাত চৌধুরী।

এই মামলায় নওগাঁর জজ আদালত ২০০৫ সালের ১০ জুলাই রায় দেন। রায়ে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অপর ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে একজন ছাড়া বাকি ১৮ আসামি হাইকোর্টে আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১১ সালের ২৩ ও ২৮ নভেম্বর রায় দেন। রায়ে নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর ১৭ আসামির যাবজ্জীবন সাজা বহাল থাকে।

আইনজীবী সারোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিচারিক আদালতের রায়ে একজনের মৃত্যুদণ্ড ও ১৮ জনের যাবজ্জীবন সাজা হয়। ১৯ আসামির মধ্যে হাইকোর্টে ১৮ জন আপিল করেন। হাইকোর্টে নুরুল ইসলামের সাজা কমে যাবজ্জীবন হয়, অপর ১৭ জনের যাবজ্জীবন সাজা বহাল থাকে। পরে নুরুল ইসলাম রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়ে মারা গেছেন। নুরুল ইসলাম ও আবু সাঈদ সবুজ নামের অপর আসামি আপিল বিভাগে আপিল করেননি।’

হাইকোর্টে যাবজ্জীবন দণ্ড বহাল থাকা ১৮ আসামির মধ্যে ১৬ জন আপিল বিভাগে আপিল করেন জানিয়ে আইনজীবী সারোয়ার আহমেদ বলেন, ‘আসামিদের আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে, ১৬ জন যাবজ্জীবন সাজা থেকে খালাস পেলেন। তাঁদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন।’