হাসছে শ্রমিক কাঁদছে কৃষক
রংপুরের বদরগঞ্জে মাঠের পর মাঠে সোনালি ধান দুলছে। ধানের ফলন ভালো হয়েছে। এখন খেত থেকে পাকা ধান কেটে ঘরে তুলতে হবে। কিন্তু কৃষকেরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। পেলেও বেশি মজুরি দিতে হচ্ছে। এতে শ্রমিকের মুখে হাসি থাকলেও কৃষকেরা বিপদে পড়েছেন।
কৃষকেরা দুটি কারণে সমস্যায় পড়েছেন। প্রথমত, বাজারে দাম না থাকায় ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না। দ্বিতীয়ত, শ্রমিক-সংকটের কারণে ধান ঘরে তুলতে পারছেন না। উপজেলার কৃষকেরা শ্রমিক-সংকটের জন্য দায়ী করেছেন সরকারের কর্মসৃজন কর্মসূচিকে। কারণ, ধান কাটা-মাড়াইয়ের মৌসুমে উপজেলায় ওই কর্মসূচির প্রকল্পের কাজ চলায় শ্রমিকেরা সেখানে যোগ দিয়েছেন। ধান কাটা-মাড়াইয়ের কাজ ১৫-২০ দিন চললেও কর্মসৃজনের কাজ চলবে ৪০ দিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল থেকে উপজেলার ১০ ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। উপজেলায় ২ হাজার ৮৫৮ জন হতদরিদ্র শ্রমিক কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ করছেন। শ্রমিকেরা দৈনিক মজুরি পাচ্ছেন ২০০ টাকা।
বদরগঞ্জ পৌরসভার শাহাপুর এলাকার কৃষক মোসলেম উদ্দিন জানান, তাঁর আট একর জমির ধান পেকেছে ১৫ দিন আগে। তখন থেকেই শ্রমিক খুঁজে পাচ্ছেন না। এতে ধান জমিতে নষ্ট হচ্ছে। বাধ্য হয়ে তিনি গত বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গিয়ে আটজন শ্রমিককে চুক্তি করে এনেছেন। থাকা-খাওয়ার ব্যবস্থাসহ এবং প্রতি বিঘা (৫২ শতক) জমির ধান কাটা ও বাড়িতে আনা পর্যন্ত তাঁরা তিন হাজার টাকা নেবেন।
কৃষকেরা জানান, গত বছর এক বিঘা (৬০ শতক) জমির ধান কাটার জন্য শ্রমিকেরা মজুরি নিয়েছিলেন ১ হাজার ৬০০ টাকা। এবার নিচ্ছেন তিন হাজার-সাড়ে তিন হাজার টাকা। গত বছর কাটা-মাড়াইয়ের সময় কৃষকেরা প্রতি মণ ধান (২৮ কেজি) বিক্রি করেছেন ৫২০-৫৪০ টাকা। অথচ গত সোমবার বদরগঞ্জ হাটে প্রতি মণ ধান বিক্রি হয়েছে ৩৬৫-৩৭৫ টাকায়। চলতি মৌসুমে প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়েছে প্রায় ৪৫০ টাকা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। গত রোববার পর্যন্ত উপজেলার ৪০ ভাগ কৃষক জমির ধান ঘরে তুলতে পেরেছেন। মাঠে পড়ে আছে কৃষকের এখনো ৬০ ভাগ ধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, কর্মসৃজন কর্মসূচির টাকা দেয় বিশ্বব্যাংক। ২৫ এপ্রিল থেকে কাজ শুরু করা না গেলে প্রকল্পের টাকা ফেরত যেত।