হাসছে সোনালি ধান, তবু চিন্তিত কৃষক
আমন ফসলের মাঠে এখন পাকা ধানের সোনালি হাসি। অগ্রহায়ণের উজ্জ্বল রোদে সেই হাসি আরও ঝলমল করে উঠছে। অনেক মাঠেই কৃষকেরা কাস্তে নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। আবহাওয়া ও পরিবেশ অনুকূল থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে। এতে কৃষকের মন ভরছে ঠিকই। কিন্তু তা বেশিক্ষণ তাঁদের পক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছে না। কারণ, তাঁদের উৎপাদন খরচই উঠছে না। মৌলভীবাজার জেলার বিভিন্ন মাঠ ঘুরে ও কৃষকের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৯০ হাজার ৫৩০ হেক্টর জমিতে আমন ফসল চাষাবাদের সরকারি লক্ষ্যমাত্রা ছিল। চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ হাজার হেক্টর বেশি জমিতে। এ বছর ধানের উৎপাদনও ভালো হয়েছে। ধানে পোকার আক্রমণ না হওয়া, জমিতে সুষম সার ব্যবহারে কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং সময়মতো বৃষ্টিপাতের কারণে উৎপাদনে এই সুফল মিলেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। একই কথা কৃষকেরও। সম্প্রতি বিভিন্ন মাঠ ঘুরে ভালো ফসল দেখা গেছে। যেদিকে চোখ যায়, আমন ধানের পাকধরা বিস্তৃত সোনালি রঙের ঢেউ। অনেকে উৎসবের আনন্দে ধান কাটতে শুরু করেছেন। যখনই উৎপাদন খরচ ও ধানের বাজারমূল্যের প্রসঙ্গটি আসছে, তখনই তাঁদের মন ভারী হয়ে যায়। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরইমাবাদ এলাকায় কিছু পতিত জমি দেখিয়ে কয়েকজন কৃষক জানালেন, ধান উৎপাদন করে প্রকৃত খরচটাই তোলা যায় না বলে অনেকে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। ভবিষ্যতে এ রকম পতিত জমির পরিমাণ বাড়তে পারে। মাঠে ধান কাটতে আসা একাটুনা ইউনিয়নের বরমান গ্রামের কৃষক আলমগীর মিয়া (৫০) প্রথম আলোকে বলেন, ‘অখন (এখন) যে অবস্থা। গিরস্তি খরি (চাষ করে) জমি বেচি বেচি (বিক্রি করে) খাওয়া লাগব। এখনো নতুন ধানের দাম জানছি না। যদি আগের দাম থাকে, তাইলে ভিক্ষা করতে অইব (হবে)। এবার আর বোরো খেতও (বোরো ধানের চাষ) কররাম না। যদি দাম বাড়ে, তাইলে করমু।’ আলমগীর মিয়া জানান, তাঁর এক কিয়ার (বিঘা) জমিতে প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। এখন এই এক কিয়ার জমি থেকে খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। ধান চাষ নিয়ে অনেকটা ক্ষুব্ধ হয়ে আছেন। তিনি বলেন, ‘এবার ফলন ভালো অইছে। কিন্তু কৃষকেরা দাম পারাম (পাচ্ছি) না। এক কিয়ার জমিতে খরচ অয় (হয়) চাইর থাকি (থেকে) পাঁচ হাজার টাকা। ধান পারাম তিন হাজার টাকার। ভাগিউলেও (বর্গচাষি) জমি নেয় না। এখন আমরার যে কী উপায় অইব, বুঝরাম না।’ কৃষকেরা জানিয়েছেন, এলাকায় শ্রমিকসংকট রয়েছে। এখনো দেশের অন্যান্য স্থান থেকে শ্রমিকেরা এসে পৌঁছাননি। ফলে ধান পেকে গেলেও অনেক জমির ধান কাটা সম্ভব হচ্ছে না। একজন শ্রমিকের মজুরি রোজ ৩০০ থেকে ৩৫০ টাকা বলে তাঁরা জানালেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবদুল জলিল মিয়া প্রথম আলোকে বলেন, ‘যথেষ্ট ভালো ফসল হয়েছে। সময়মতো বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো হয়েছে। বলতে পারি, উৎপাদন সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’ উপপরিচালক নিজেও স্বীকার করলেন, ধানের দাম কম হওয়ায় কৃষকের মধ্যে হতাশা আছে। যদিও একটু একটু করে ধানের দাম বাড়ছে। তাঁর মতে, এক মণ ধান এখন ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সেটা ৭০০ পর্যন্ত যেতে পারে। দাম বেড়ে গেলে কৃষকের এই হতাশা আর থাকবে না।