হাসন রাজা একাডেমি নামকরণ বহাল রাখার দাবি

সুনামগঞ্জে নির্মিত হাসন রাজা একাডেমির নামকরণ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা। গতকাল বুধবার ‘হাসন রাজা পরিষদ’-এর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম কিমের সঞ্চালনায় সমাবেশে হাসন রাজা একাডেমির নামকরণ ও পরবর্তী সময়ে নাম প্রত্যাহারের বিষয়টি তুলে ধরে বক্তব্য দেন হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান।
বক্তারা অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বক্তৃতায় ও লেখায় বাউলসাধক লালন এবং হাসন রাজার গানের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছে ছিল, সুনামগঞ্জে হাসন রাজার নামে একটি একাডেমি হবে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাসন রাজা একাডেমি নির্মিতও হয়েছে। অথচ রহস্যময় কারণে প্রশাসনের একটি অংশ সেই নামকরণ পাল্টে ফেলতে চাইছে। কর্মসূচিতে একাত্ম হন বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাউল কালা মিয়া, বাউল বশির উদ্দিন সরকার, আরকুম শাহ শিল্পীগোষ্ঠীর সভাপতি মুহিব আলী প্রমুখ।