হাসন রাজা একাডেমির কাজ চার মাস ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি সাধক হাসন রাজার নামে সুনামগঞ্জে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘হাসন রাজা একাডেমি’র কাজ চার মাস ধরে বন্ধ হয়ে আছে। অর্ধেক কাজ বাকি রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজ করবে না বলে জানিয়েছে। অথচ কাজের মেয়াদ শেষ হয়েছে গত জুন মাসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌর শহরের স্টেডিয়ামের পাশে প্রায় এক একর জমির ওপর ২০১১ সালের ডিসেম্বরে হাসন রাজা একাডেমির ভবন নির্মাণের কাজ শুরু হয়। ব্যয় ধরা হয়েছিল প্রায় সাত কোটি টাকা। এর মধ্যে জমিক্রয় ও মাটি ভরাটে ব্যয় হয়েছে এক কোটি ৩৫ লাখ টাকা। বাকি টাকা দিয়ে ভবন নির্মাণের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ৫০ থেকে ৬০ ভাগ কাজ শেষ করে কাজ বন্ধ করে দিয়েছে। চার মাস ধরে কাজ বন্ধ রয়েছে। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সাত বছর আগের দর দিয়ে এখন কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আর কাজ করবে না। তিনি বলেন, ‘আমরা জাতীয় শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। প্রয়োজনে পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগ করে বাকি কাজ শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন।’ জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সরাসরি এই কাজ হচ্ছে। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ‘প্রকল্প উপদেষ্টা লিমিটেড’। জুন মাসে পুরো কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে শুরু থেকেই কাজ হচ্ছে ধীরগতিতে। গত বছর তিন মাস কাজ বন্ধ ছিল। চার মাস ধরে আবার কাজ বন্ধ রয়েছে। জেলা পর্যায়ে এই নির্মাণকাজ তদারকের কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিম্নমাণের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী বলেন, বিষয়টি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালককে জানানো হয়েছে। তবে এই কাজে জেলা প্রশাসন বা জেলার কোনো প্রকৌশল বিভাগ সম্পৃক্ত নয়। যে কারণে তদারক করা যাচ্ছে না। এটি সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয় দেখছে।