হাসন রাজা একাডেমির কাজ বন্ধের প্রতিবাদে প্রতীকী অবস্থান
মরমি সাধক হাসন রাজার নামে সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘হাসন রাজা সাংস্কৃতিক একাডেমি’র নির্মাণকাজ চার মাস ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা।
গতকাল শনিবার দুপুরে নির্মাণাধীন এই ভবনে অবস্থান করে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন তাঁরা।
নির্মাণাধীন ভবনের ভেতরে ওই অনুষ্ঠান চলাকালে বক্তব্য দেন স্থানীয় স্পন্দন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অলক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী, টিআইবির গণনাট্য দলের রাজু আহমদ, বন্ধন থিয়েটারের সংগঠক দ্বীপময় চৌধুরী ও দেওয়ান গিয়াস চৌধুরী, নৃত্যাঙ্গনের সামির পল্লব, একতা বাউল সংঘের অরুণ তালুকদার, সংগীতশিল্পী সোহেল রানা প্রমুখ।
সুনামগঞ্জ পৌর শহরের স্টেডিয়ামের পাশে প্রায় এক একর জমির ওপর ২০১১ সালের ডিসেম্বর মাসে হাসন রাজা সাংস্কৃতিক একাডেমির ভবন নির্মাণের কাজ শুরু হয়। গত জনু মাসে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ৫০ থেকে ৬০ শতাংশ কাজ করার পর বন্ধ করে দেয়। গত চার মাস ধরে কাজ বন্ধ।