মরমি কবি হাসন রাজাকে চিনতে হলে তাঁর জমিদারি নয়, তাঁর চেতনাকে জানতে হবে। কেউ কেউ আছেন, যাঁরা তাঁর বংশ ও সম্পদের উত্তরাধিকার। আবার অনেকেই আছেন, যাঁরা হাসন রাজার বংশের কেউ নন, তাঁর চেতনার উত্তরাধিকারত্ব বহন করেন।
সুনামগঞ্জে লোককবি রাধারমণ দত্ত, মরমি সাধক হাসন রাজা এবং বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী লোক উৎসবের দ্বিতীয় দিনের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। রোববার সন্ধ্যায় আলোচনা হয়েছে মরমি সাধক হাসন রাজার জীবন ও কর্ম নিয়ে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে গত শনিবার থেকে এই উৎসব শুরু হলেও বিরূপ আবহাওয়ার কারণে রোববার সেটি শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে স্থানান্তর করা হয়। জেলা প্রশাসন এই উৎসবের আয়োজন করেছে।
মরমি সাধক হাসন রাজাকে নিয়ে রোববারের আলোচনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কবি মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, লেখক-গবেষক আবু আলী সাজ্জাদ হোসাইন, সামারীন দেওয়ান প্রমুখ।