হাসনাত আবদুল হাইকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ গল্পের লেখক হাসনাত আবদুল হাইকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। এতে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার আরজিও রয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম অহিদুজ্জামান গতকাল রোববার আবেদনটি দাখিল করেন। রিটে প্রথম আলোতে ১৪ এপ্রিল প্রকাশিত গল্পটি যুক্ত করা হয়েছে। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের উপকমিশনার (ধানমন্ডি জোন), ধানমন্ডি থানার ওসি ও লেখক হাসনাত আবদুল হাইকে বিবাদী করা হয়েছে। এম অহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, গণজাগরণ মঞ্চ সম্পর্কে দেশের মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিতেই ওই লেখা।