হাসনাত ও তাহমিদকে আজ আদালতে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে রিমান্ড শেষে আজ শনিবার আদালতে হাজির করা হবে। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করার পর আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় হাসনাত করিম ও তাহমিদ হাসিবের শরীরী ভাষার বিষয়ে রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ডে পাওয়া তাঁদের তথ্য মিলিয়ে এবং যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ (শনিবার) তাঁদের আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্র বলেছে, গত ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করেন। তাঁদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি। ৩ আগস্ট পুলিশ গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তারের কথা জানায়। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়।