হাসনাত ও তাহমিদকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এ আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে অসহযোগিতার অভিযোগে তাহমিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারায় প্রসিকিউশন দাখিলের অনুমতি দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আদালতে এক প্রতিবেদন দিয়ে তাহমিদকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে পুলিশ। তাহমিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তদন্ত শেষে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়। অব্যাহতি-সংক্রান্ত এই আবেদনের ওপর গতকাল শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এ সময় জামিনে থাকা তাহমিদ আদালতে হাজির ছিলেন।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জিম্মি করা ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। ওই রাতে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন।
অভিযানের আগে ও পরে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় ৩২ জন জিম্মিকে। তাঁদের মধ্যে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম ছিলেন। তাহমিদ ১ জুলাই সকালে দেশে ফিরেছিলেন। ২ জুলাই সকালে উদ্ধার হওয়া জিম্মিদের মধ্যে যে কয়জনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তাঁদের মধ্যে তাহমিদ ও হাসনাত করিমও ছিলেন। পরে পুলিশ তাঁদের সবাইকে ছেড়ে দেওয়ার দাবি করলেও তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে তাঁদের পরিবার গণমাধ্যমকে জানায়। এরপর ৩ আগস্ট এই দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। বলা হয়, ওই দিন হাসনাত করিমকে গুলশান-তেজগাঁও লিংক রোড থেকে এবং তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে পুলিশ তাহমিদ ও হাসনাতকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে তাহমিদকে কারাগারে পাঠানো হয়। তবে ১৩ আগস্ট হাসনাত করিমকে গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবার রিমান্ডে নেয় পুলিশ। হাসনাত করিম বর্তমানে কারাগারে আছেন। তাহমিদ ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।