গুলশানের হলি আর্টিজানে হামলায় গ্রেপ্তার করা নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক খণ্ডকালীন শিক্ষক হাসনাত করিমকে কারাগারে পাঠানো হয়েছে।
দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে হাসনাত করিমকে গতকাল সোমবার আদালতে হাজির করে পুলিশ। তাঁকে নতুন করে আর রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি। ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অবশ্য ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, হাসনাত করিমের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এর আগে গত শনিবার একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকেও কারাগারে পাঠানো হয়।
এ ছাড়া জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক গিয়াসউদ্দিন গত রোববার জামিনে মুক্তি পেয়েছেন।