গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় জিম্মি হাসনাত করিম অস্ত্রের মুখে ছাদে উঠতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করলেন তাঁর বাবা রেজাউল করিম। গতকাল সোমবার রাতে প্রথম আলোকে তিনি বলেন, ভিডিও ফুটেজে তাঁকে যে যে অবস্থায় দেখা গেছে, তার সবই তাঁকে করতে হয়েছিল সন্ত্রাসীদের নির্দেশে।
জিম্মিদশা থেকে বেরিয়ে আসার পর থেকে হাসনাত করিম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ কার্যালয়ে আছেন। জিম্মিদশায় তাঁর আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
হাসনাত করিম, স্ত্রী শারমিনা পারভিন ও দুই সন্তানকে নিয়ে শুক্রবার হলি আর্টিজানে রাতের খাবার খেতে গিয়েছিলেন। রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘হাসনাত করিমকে নিয়ে বিভ্রান্তিকর নানা খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে। সে জন্য আমরা একটি সংবাদ সম্মেলন করতে চাইছিলাম। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা সংবাদ সম্মেলন করব না। আমরা তদন্তে পুলিশকে সহযোগিতা করতে চাই।’
হাসনাত করিম ডিবি কার্যালয়ে থাকলেও তাঁর স্ত্রী শারমিনা পারভিন গতকাল বাসায় ফিরেছেন। শারমিনা পারভিনকে উদ্ধৃত করে তাঁর শ্বশুর রেজাউল করিম বলেন, হাসনাত করিম যা কিছু করেছেন, সবই নির্দেশিত হয়ে। এটা নিয়ে নানা কিছু লেখা হচ্ছে।
এদিকে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শারমিনা পারভিন বলেছেন, তাঁদের সামনে ও পেছনের টেবিলে যারা ছিল, চোখের সামনেই তাদের গুলি করা হয়। তারপর চাপাতি দিয়ে কোপানো হয়। সন্ত্রাসীরা সবাইকে মাথা নিচু করে রাখতে বলে। সারা রাতই হাসনাত করিম, তাঁর স্ত্রী শারমিনা পারভিন ও দুই সন্তানকে একটি টেবিলে বসিয়ে রাখা হয়। ওই একই টেবিলে বসানো হয় আরও দুই তরুণী এবং দুই ব্যক্তিকে। তবে সকালে কমান্ডো অভিযানের আগেই জঙ্গিরা তাদের বেরিয়ে যেতে দেয় বলেও জানান শারমিনা।