হাসনাত করিমকে ছেড়ে দেওয়া হয় দু-তিন সপ্তাহ আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় জিম্মি এবং পরে পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে হাসনাত করিমকে দু-তিন সপ্তাহ আগে ছেড়ে দেওয়া হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির গতকাল শনিবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক হাসনাত করিমের পরিবার বলছে, তারা তাঁর কোনো খোঁজ পাচ্ছে না। তাঁকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। এই অবস্থায় তাঁর বিষয়টি নিয়ে তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন তাঁর ব্রিটিশ আইনজীবী রডনি ডিক্সন।
নাদিম কাদির গত রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের যা বলেছেন, সেই সূত্র ধরেই তিনি (নাদিম) বলেছেন, দু-তিন সপ্তাহ আগে পুলিশ হাসনাত করিমকে ছেড়ে দিয়েছে। তবে এখন তিনি কোথায় আছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
হাসনাত করিম বাসায় ফেরেননি জেনে তাঁরা নিজেরাও উদ্বিগ্ন উল্লেখ করে নাদিম কাদির আরও বলেন, ‘আমরা চাই হাসনাত করিম তাঁর পরিবারের সাথে যোগাযোগ করুক।’ তিনি বিবিসিকে বলেন, ‘এ রকম ঘটনা আগেও ঘটেছে। একজনকে পাওয়া যাচ্ছিল না, পরে দেখা গেল, তিনি ভারতে অবস্থান করছেন।’
যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট পত্রিকা জানায়, হাসনাত করিমের বিষয়ে তদন্তের জন্য জোর করে আটক-সংক্রান্ত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের কাছে গত বুধবার আবেদন করেছেন তাঁর ব্রিটিশ আইনজীবী। হাসনাত করিম ও তাঁর পরিবারের পক্ষে প্রতিনিধিত্ব করার আবেদন জানিয়ে রডনি জাতিসংঘকে বলেন, হাসনাত করিমের সঙ্গে তাঁর পরিবারের সাক্ষাতের আবেদনে এখনো কোনো সাড়া মেলেনি এবং পুলিশও জানাতে পারেনি, তিনি কোথায় আছেন।
রডনি ইনডিপেনডেন্টকে বলেন, সঠিক কাজটা করতে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্যই জাতিসংঘের কাছে আবেদনটি করা হয়েছে। হাসনাত করিমের পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছে।