
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জিম্মিদশা থেকে উদ্ধার করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম পুলিশের ‘নলেজে’ আছেন।
হাসনাত রেজা করিম গ্রেপ্তার আছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, হাসনাত পুলিশের ‘নলেজে’ আছেন। প্রয়োজন পড়লে যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হবে। তিনি বলেন, হাসনাত করিমের অতীত রেকর্ড এবং গুলশানের হলি আর্টিজানে হামলার দিনের চলাফেরা ‘সন্দেহজনক’ বলে মনে হচ্ছে।
হাসনাত করিমের পরিবার গত মাসের মাঝামাঝিতে জানায়, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর গত ২ জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে হাসনাত করিমের সঙ্গে তাদের দেখা হয়। এরপর আর দেখা হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাসনাত তাদের হেফাজতে নেই।
হাসনাত করিমের সঙ্গে তাহমিদ হাসিব খান নামের এক ব্যক্তি গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি থেকে জিম্মি অবস্থা থেকে মুক্তি পান। উদ্ধারের পর তাঁকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে ছেড়ে দেওয়ার কথা বললেও গত এক মাসে তিনি বাসায় ফেরেননি।
বসুন্ধরায় বাসা ভাড়া নিয়েছিল কে: হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় আশ্রয় দেওয়ায় অভিযুক্ত পরিবারের সদস্যদের এখনো খুঁজে পায়নি পুলিশ। তবে গুলশানে হামলার পর সন্দেহভাজন পরিবারটিকে রূপনগরের আরিফাবাদ হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগে ওই বাড়ির তত্ত্বাবধায়ক দাউদ পাটোয়ারিকে (৩১) গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দাউদকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামে।
গুলশানে হামলার ঘটনায় করা মামলার তদন্তের সঙ্গে সম্পৃক্ত সূত্র বলেছে, গুলশানে হামলার দুদিন আগে বসুন্ধরার একটি ফ্ল্যাটে উঠেছিলেন পাঁচ জঙ্গি। সেখান থেকে তাঁরা হেঁটে হলি আর্টিজানে গিয়ে হামলা চালান। বসুন্ধরার ফ্ল্যাটটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানের। গত জুনে একজন নারী তাঁর স্বামী, দুই সন্তান ও ননদকে নিয়ে থাকবেন বলে বাসাটি ভাড়া নেন। গুলশানে জঙ্গি হামলার পরপরই পরিবারটি বাসা ছেড়ে চলে যায়। গিয়াস উদ্দিনের ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীর তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন পরিবারটিকে ধরতে ২৮ জুলাই আরিফাবাদ হাউজিংয়ের ১ নম্বর সড়কের আই ব্লকে অভিযান চালায় পুলিশ। কিন্তু তাদের পায়নি। পরে বাড়িটির তত্ত্বাবধায়ক দাউদকে সোমবার রাতে আটক করা হয়। গিয়াস উদ্দিনসহ তিনজন বর্তমানে কারাগারে আছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন পরিবারটিকে বাসা ভাড়া দেওয়া এবং তাদের তথ্য না রাখার অভিযোগে দাউদ পাটোয়ারিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দাউদ জানিয়েছেন, পরিবারটির কাছে তথ্য চাইলে তারা দেই-দিচ্ছি বলে আর দেয়নি। ঈদুল ফিতরের সাত-আট দিন পর পুরুষ লোকটি মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা বলে বাসা ছেড়ে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবিরের করা রিমান্ড আবেদনে বলা হয়েছে, ইসমাইল হোসেন নামের এক ব্যক্তিকে বাসা ভাড়া দিয়েছিলেন দাউদ। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি জঙ্গিসংশ্লিষ্ট কেউ।