হাসনাতের নতুন করে রিমান্ড চাইবে না পুলিশ
গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে জিজ্ঞাসাবাদের জন্য এখন নতুন করে আর রিমান্ড চাইবে না পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
মাসুদুর রহমান বলেন, দ্বিতীয় দফা রিমান্ড শেষে আজ হাসনাত করিমকে আদালতে নেওয়া হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এখন নতুন করে আর রিমান্ড চাওয়া হবে না।
১৩ আগস্ট হাসনাত করিমকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। হাসনাত করিমকে এই মামলার প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাসনাত করিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আট দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের পাশে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। পরদিন সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে নারী, শিশুসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের মধ্যে আটজনকে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি বলে তাঁদের পরিবার জানিয়েছিল।
৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশানে আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করার কথা জানায় পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ৪ আগস্ট তাঁদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে ১৩ আগস্ট হাসনাত করিম ও তাহমিদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
তদন্তকারী কর্মকর্তা হাসনাত করিমকে গুলশানে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তাহমিদকে ৫৪ ধারায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে পৃথক আদালত হাসনাত করিমকে আট দিনের এবং তাহমিদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।
আরও পড়ুন: