হাসপাতাল ইউনিটের আরও ১৩১ জনকে অভিযোগ শোনানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের আরও ১৩১ জন আসামিকে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ গতকাল মঙ্গলবার পড়ে শুনিয়েছেন আদালত। এর আগে গত সোমবার ৯৯ জনকে নির্দিষ্ট করে অভিযোগ শোনানো হয়। এ মামলায় আসামি ২৫৬ জন। বাকি আসামিদের অভিযোগ পড়ে শোনানো হবে আজ বুধবার।বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ এই মামলার বিচার চলছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগে হাসপাতাল ইউনিটের ২৫৬ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।সব আসামির উপস্থিতিতে গতকাল সকাল সাড়ে ১০টায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। ৫১ জন আসামিকে অভিযোগ শোনানোর পর আধা ঘণ্টার জন্য আদালত মুলতবি করা হয়। এরপর আবার কার্যক্রম শুরু হলে আরও ৮০ জনকে তাঁদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান আদালত।আদালতে সভাপতিত্ব করেন কর্নেল খন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নূরুল আলম এবং মেজর এস এম কাওসার। আদালত নাম ধরে প্রত্যেক আসামির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। যখন যাঁর নাম ডাকা হয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে অভিযোগ শোনেন। অভিযোগ পড়া শেষ হলে আসামি আবার বসে পড়েন।আদালত আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনেন সেসবের মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি দরবার চলাকালে মহাপরিচালকের নির্দেশ অমান্য করা, দরবার ত্যাগ করা, বিদ্রোহ দমনে কোনো ভূমিকা পালন না করা, অস্ত্রভাণ্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্য ব্যক্তিদের উসকানি দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সেনাদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র, গুলি ও মূল্যবান সামগ্রী লুট করা, গুলিবর্ষণ করা, গাড়িতে মাইক লাগিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তা করা ইত্যাদি। বেলা আড়াইটার দিকে আদালত আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।