বিদ্রোহে জড়িত থাকার অপরাধে পিলখানার বিডিআর হাসপাতাল ইউনিটের ২৫৩ জওয়ানের সাজা হয়েছে। গতকাল শনিবার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০ এই দণ্ডাদেশ দেন। এ নিয়ে পিলখানার ১১টি মামলার মধ্যে আটটির রায় ঘোষণা করা হলো। আদালতের রায়ে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হয়েছে ৩৪ জনের। সবচেয়ে কম, চার মাস কারাদণ্ড হয়েছে ছয়জনের। এ ছাড়া ১৫ জনকে ছয় বছর, ১১ জনকে পাঁচ বছর, ১০ জনকে চার বছর, ৩৮ জনকে তিন বছর, দুজনকে দুই বছর ছয় মাস, ১১১ জনকে দুই বছর এবং ২৬ জনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সবাইকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। এ ছাড়া মেডিকেল সহকারী মো. কুতুব উদ্দিন এবং সিপাহি মো. জাকির হোসেন খালাস পেয়েছেন। তাঁরা দুজনই দোষ স্বীকার করেছিলেন।বিডিআর হাসপাতালের বিদ্রোহের ঘটনায় হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নান্নু মিয়া মামলাটি দায়ের করেন। এতে তিনি ২৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। এর মধ্যে বিচার চলাকালে গত ২০ মে জহিরুল ইসলাম নামের এক আসামি মারা যান। ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগ গঠন হয়। আদালত সূত্র জানায়, এ মামলার রায় ঘোষণা করতে ৪০ কার্যদিবস লাগে। এতে সাক্ষী ছিলেন ৯৯ জন। ১৯ জন সাফাই সাক্ষ্য দেন। বিচার চলাকালে ৩২ জওয়ান দোষ স্বীকার করেন। অভিযোগ: আদালত জানান, এ মামলার আসামিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো, মহাপরিচালকের আদেশ অমান্য করা, বিদ্রোহ দমনে কোনো চেষ্টা না করে অংশগ্রহণ করা, সেনা কর্মকর্তাদের মরদেহ পোড়ানোর চেষ্টা করা, বিভিন্ন ধরনের অপত্তিকর মন্তব্য, অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হওয়া, মরদেহ লুকিয়ে রাখা, কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করা, শরীরের কাপড় বেঁধে বিদ্রোহে অংশ নেওয়া, ডিএডি তৌহিদকে মহাপরিচালক করার দাবি করা উল্লেখযোগ্য। আদালতের বিবেচনা: বিচারের ক্ষেত্রে অপরাধের প্রকৃতি, আসামিদের পূর্ব আচরণ, বীরত্বপূর্ণ অবদান, চাকরিকালীন পদক পাওয়া, গ্রেপ্তারের পর থেকে কারাগারে থাকার মেয়াদ বিবেচনায় আনেন আদালত। আদালত: বিচার আদালতের সভাপতি ছিলেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লে. কর্নেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী ও মেজর এ এন এম ফজলুল আজম চৌধুরী। অ্যাটর্নি জেনারেল প্রতিনিধি ভীষ্মদেব চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন। ১৫ জন বেসামরিক আইনজীবী এ মামলার আসামিদের আইনি সহায়তা দেন।ব্রিফিং: রায় ঘোষণার পরপর সংবাদ সম্মেলনে মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুল আলীম বলেন, বিডিআর বিদ্রোহের বিচার সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিবেদন দিয়েছে, তা বিভ্রান্তিকর ও মনগড়া। তিনি বলেন, যারা এ প্রতিবেদন তৈরি করেছেন, তাঁরা কেউ বিচারকালে উপস্থিত ছিলেন না। নিজেরা সরাসরি বিচার দেখেননি। এমনকি তাঁরা সংশ্লিষ্টদের সঙ্গে কথাও বলেননি।