হাসপাতাল ও বিদ্যুৎ-সংযোগ লাইন উদ্বোধন করলেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর গত ৮ সেপ্টেম্বর থেকে ২৪ ঘণ্টা তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতের সুযোগ পেয়েছে দহগ্রাম-আঙ্গরপোতার মানুষ। এর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে ভাগ্যবিড়ম্বিত বাংলাদেশি দুটি জনপদের বাসিন্দারা। গতকাল বুধবার বিষয়টি স্বচক্ষে দেখে এ জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল দুপুরে তিনবিঘা করিডর সফরের পর গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় প্রধানমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান।দুপুর সাড়ে ১২টার দিকে তিনবিঘা করিডরের ট্রাফিক পয়েন্টে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদ সিং। গোলাম নবী আজাদ শেখ হাসিনাকে একটি স্মারক উপহার দেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী এখানে থাকার কথা ছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের। কিন্তু মায়ের অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি তিনি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অধীন তিনবিঘা করিডরে অনুষ্ঠিত গতকালের এই অনুষ্ঠানে সেখানকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কোনো প্রতিনিধি আসেননি।তিনবিঘা করিডরে সরাসরি গাড়িবহর নিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করিডরের দুই পাশে সার বেঁধে দাঁড়ানো শিলিগুড়ির বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেনশিয়াল স্কুলের শিক্ষার্থীরা দুই দেশের পতাকা নাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। গাড়ি থেকে নেমে শেখ হাসিনা বিএসএফের নিরাপত্তা চৌকির বিশ্রামকেন্দ্রে প্রায় ২৫ মিনিট ভারতের দুই মন্ত্রীর সঙ্গে আলাপ করেন। প্রধানমন্ত্রীকে সেখানে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি সেখানে একটি লিচুগাছের চারা রোপণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।তিনবিঘা করিডর ছাড়ার আগে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, ‘ভারত করিডরটি ২৪ ঘণ্টা খুলে দেওয়ায় দহগ্রাম ও আঙ্গরপোতাবাসী ৬৪ বছরের বন্দিদশা থেকে মুক্তি পেল। এ জন্য ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। এটি দীর্ঘদিনের বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।’ছিটমহল বিনিময় কবে হবে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে আমরা সম্প্রতি প্রটোকল সই করেছি। আশা করি, শিগগির সমস্যার সমাধান হবে।’তিস্তা চুক্তি সই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে অন্যান্য সমস্যার মতো তিস্তার পানিচুক্তির সমাধানও খুব শিগগির হবে।এর আগে গতকাল বেলা ১১টায় ঢাকা থেকে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারে দহগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রথমে দহগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও দহগ্রাম ১০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এরপর দহগ্রাম-আঙ্গরপোতায় ভারতীয় সহযোগিতায় নির্মিত বিদ্যুৎ-সংযোগ লাইনের উদ্বোধন করেন। পরে তিনি দহগ্রাম হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন।ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষ ‘দক্ষতার সঙ্গে’ তিনবিঘা করিডর এলাকার ব্যবস্থাপনা বজায় রাখবে। এ ধরনের উদ্যোগ সংশ্লিষ্ট দুই দেশ ও তাদের জনগণকে আরও কাছে আনবে বলে ভারত সরকারের একান্ত প্রত্যাশা।