হাসপাতাল ও রোগ নির্ণয় প্রতিষ্ঠানের জরিমানা
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা ও মনগড়া রোগ নির্ণয়ের প্রতিবেদন তৈরি করার দায়ে রাজধানীতে চারটি নামকরা বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় প্রতিষ্ঠানকে (ডায়াগনস্টিক সেন্টার) জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলো হলো পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতাল, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টার।
র্যা ব জানায়, গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে রযার বের ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত সেখানে দেখতে পান হাসপাতালের পরীক্ষাগারের নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দ্বারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা হচ্ছে। প্রতিষ্ঠানের ব্লাড ব্যাংকটিরও অনুমোদন নেই। পরীক্ষাগারের দায়িত্বে থাকা সুলতান এম আতিকুর রহমান ও টেকনোলজিস্ট মো. জিয়াউর রহমান নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত এক মাসের মধ্যে পরীক্ষাগারের মান উন্নত করাসহ ব্লাড ব্যাংকের অনুমোদন নেওয়ার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখতে পান মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে বিভিন্ন রোগ নির্ণয় করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিবলী সাদি আকন্দ, আবুল কালাম আজাদ (৪৮) ও মো. রফিকুল ইসলামের (৪৩) স্বীকারোক্তির ভিত্তিতে ছয় লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত একই এলাকার মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখতে পান মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেখানে রোগ নির্ণয় করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক খোকন চৌধুরী, পরীক্ষাগারের দায়িত্বে থাকা মাহফুজ ভূঁইয়া ও টেকনোলজিস্ট মিলন চৌধুরী দোষ স্বীকার করায় চার লাখ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
র্যা বের ভ্রাম্যমাণ আদালত পরে ইংলিশ রোডের মেডিনোভা মেডিকেল সার্ভিসেসে অভিযান চালান। সেখানে দেখতে পান রোগ নির্ণয় প্রতিবেদন তৈরির আগেই চিকিৎসক সই করেছেন। এখানেও মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নাসির ওয়াকার, পরীক্ষাগারের দায়িত্বে থাকা উজ্জ্বল মিয়া, ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম ও তত্ত্বাবধায়ক ইয়াহিয়া নিজেদের অপরাধ স্বীকার করেন। এর ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত আট লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেন।
বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা অভিযানে র্যা ব-২-এর একটি দল ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, জরিমানার টাকা দেওয়ায় কাউকে জেলে যেতে হয়নি।