হাসপাতাল ও হোটেলের বর্জ্যে ভৈরবের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বুক চিরে প্রবাহিত ভৈরব নদ। নদের পানির রং এখন কালো। তীরবর্তী অন্তত ১০টি হাসপাতাল-ক্লিনিক, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি নদে ফেলা হচ্ছে। ব্যাপক দূষণের কবলে পড়েছে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এ নদের আশপাশের এলাকার পরিবেশ।

গতকাল রোববার সকালে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ও কাঠেরপুল সেতুর ওপরে দাঁড়িয়ে দেখা যায়, ভৈরব নদের পানিতে হোটেল-রেস্তোরাঁ ও হাসপাতাল-ক্লিনিকের বর্জ্য ভাসছে। পানি স্বাভাবিক রং হারিয়েছে। দড়াটানা সেতুর দক্ষিণ পাশে নদের মধ্যে বাঁশ দিয়ে ময়লা ফেলার আস্তাকুঁড় বানানো হয়েছে।

সেতুর ওপর থেকে ময়লা নদের মধ্যে ফেলতে দেখা গেলে কয়েকজনকে। নদের মধ্যে ময়লা ফেলছেন কেন, এমন প্রশ্নের জবাবে তাঁদের সোজাসুজি উত্তর: আশপাশে তো কোনো নর্দমা নেই। কোথায় ফেলবেন তাঁরা? তা ছাড়া তাঁরা বহুদিন ধরেই নদের মধ্যেই ময়লা ফেলছেন। কেউ নিষেধ করে না।

নদের তীরের খাবারের একটি হোটেলের একজন মালিক এ প্রতিবেদককে বললেন, ‘আমরা তো ছোটখাটো ব্যবসা করে খাই। নদের ওপারে যান। দেখবেন হাসপাতাল-ক্লিনিকের পয়োনিষ্কাশনের নর্দমার মুখ নদের ভেতরে সরাসরি নামিয়ে দেওয়া হয়েছে। পারলে ওদের ধরেন।’ নদের ওপারে (উত্তর পাশে) গিয়ে দেখা গেল, ব্যক্তিমালিকানার একতা হাসপাতালের সীমানা ঘেঁষে ভৈরব প্রবাহিত। হাসপাতালের ময়লা নদের ভেতরে ফেলে ভরাট করা হচ্ছে। হাসপাতালটির পয়োনিষ্কাশনের নর্দমার দুটি মুখ নদের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে।

একতা হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নদের ভেতরে এক জায়গায় ময়লা রাখা হয়। পৌরসভার ভ্যান গিয়ে তুলে নিয়ে যায়। উচ্ছিষ্ট কিছু ময়লা হয়তো পড়ে থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা নদের জায়গা ভরাট করব কেন? কারা করছে, জানা নেই।’

যশোর শহরের প্রাণ ভৈরব নদে এখন আগের মতো স্রোতোধারা নেই। ময়লা ফেলার কারণে নদের বুক উঁচু হয়ে যাচ্ছে। জন্মেছে কচুরিপানা। বাড়ছে মশা-মাছির উপদ্রব। নদের ভেতরে কচুর পাতা তুলতে এসেছিলেন আছিরন খাতুন। তিনি বললেন, নদের পানিতে নামলেই পা চুলকায়। একটু পরেই পা ফুলে যায়। তা ছাড়া পানি অত্যন্ত দুর্গন্ধযুক্ত।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শহরের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দায়িত্ব পৌরসভার মেয়রের। আমাদের কাছে কোনো সহায়তা চাইলে দেওয়া হবে।’ স্বতঃস্ফূর্তভাবে আপনারা তো ব্যবস্থা নিতে পারেন, এমন কথার উত্তরে তিনি বলেন, ‘কারা কারা ময়লা ফেলছে বলুন, ব্যবস্থা নেওয়া হবে।’

কাঠেরপুল সেতুর দুই পাশে মুরগি, গরুর মাংস ও গরুর নাড়িভুঁড়ি বিক্রির অন্তত ২০টি দোকান রয়েছে। এসব দোকানের রক্ত, উচ্ছিষ্ট নাড়িভুঁড়ি, হাড়—সবই সেতুর ওপরে দাঁড়িয়ে নদের ভেতরে ফেলা হয়। এ ছাড়া যশোর কেন্দ্রীয় কারাগারের পয়োনিষ্কাশন নর্দমার মুখ নদের ভেতরে নামিয়ে দেওয়া হয়েছে। কারাগারের কারাধ্যক্ষ আবু তালেব প্রথম আলোকে বলেন, ‘পুরো নদটাই তো এখন শহরের নর্দমা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভৈরব নদ খনন করে পরিষ্কার পানির প্রবাহ সৃষ্টি হলে আমরা অবশ্যই বিকল্প ব্যবস্থা করব।’

ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু তাঁদের অভিযোগ, যশোর পৌরসভা ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না। নদের পাশের বাসিন্দা বীথি আকতার বলেন, রোদের তেজ বাড়লেই দুর্গন্ধ বাড়ে। নোংরা পরিবেশের কারণে মশা-মাছির উৎপাতও বাড়ছে।

যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদারের মুঠোফোন নম্বরে গতকাল একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, যশোর সদর উপজেলার হামিদপুরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৯০টি কনটেইনার ভৈরবের তীরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে। শহরে উন্মুক্ত কোনো ডাস্টবিন থাকবে না।