হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এ ঘটনায় নবজাতকের স্বজনেরা হাসপাতাল ঘেরাও করেন।
গত শুক্রবার রাতে উপজেলার সুফিয়া রোডের ভার্ক মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটেছে। রাত প্রায় ১০টায় মিরসরাই পৌরসভার কাউন্সিলর বদরুল আলম ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নবজাতকের স্বজন শাহাদাত হোসেন জানান, গত শুক্রবার উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের নুরবক্স হাজিবাড়ির ফজলুল করিমের স্ত্রী ঝর্না আক্তারের প্রসব ব্যথা ওঠে। এ সময় স্বজনেরা ঝর্না আক্তারকে সুফিয়া রোডের ভার্ক মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের একমাত্র চিকিৎসক অর্চনা বিশ্বাস শুক্রবার আনুমানিক চারটায় স্বাভাবিকভাবে ঝর্না আক্তারের ছেলেসন্তান প্রসব করান। নবজাতকের শারীরিক দুর্বলতা ও পিঠে টিউমার দেখে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ভার্ক হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে অক্সিজেন দিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সে চমেক হাসপাতালে পাঠায়। কিন্তু অর্ধেক পথ না যেতেই সিলিন্ডার থেকে অক্সিজেন শেষ হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যু হয়।
শুক্রবার রাতে ভার্ক মা ও শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, নবজাতকের স্বজনেরা হাসপাতাল ঘেরাও করে রেখেছেন। হাসপাতালের অভ্যর্থনা কক্ষে জসীম উদ্দিন নামের একজন কর্মকর্তা ছাড়া হাসপাতালে দায়িত্ববান কোনো চিকিৎসক বা কর্মকর্তা ছিলেন না। এ প্রসঙ্গে ভার্ক মা ও শিশু হাসপাতালের সমন্বয়ক মো. মোর্শেদ মুঠোফোনে বলেন, তাঁদের হাসপাতালে মাত্র একজন চিকিৎসক আছেন। তবে কোনো শিশুরোগ বিশেষজ্ঞ সেখানে নেই বলে তিনি স্বীকার করেন। তাহলে কেন তাঁদের হাসপাতালের নাম মা ও শিশু হাসপাতাল দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব শিগগির আরও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অক্সিজেনের অভাবে ওই শিশুটি মারা যায়নি বলে তিনি জানান। তিনি জানান, শিশুটি আগাম প্রসব হয়েছে অর্থাৎ আট মাসে প্রসব হয়েছে।