হাসপাতাল কর্মচারীকে নির্যাতন করে হত্যার ঘটনায় মামলা
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেসরকারি ‘চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতাল’-এর কর্মচারী সোহেলকে নির্যাতন করে হত্যার ঘটনায় ওই হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গত সোমবার রাতে সোহেলের মা খোদেজা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন হাসপাতালের চেয়ারম্যান উপজেলা পৌর জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পরিচালক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আবদুল মান্নান, আবদুল মতিন, হাসপাতালের ব্যবস্থাপক মো. সুজন, ফার্মাসিস্ট মো. শহিদ, এক্স-রে অপারেটর আমির হোসেন, জালাল আহমেদ, জয়নাল আবেদীন ও সুরুজ্জামান এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন।
বৃহস্পতিবার হাসপাতালের ক্যাশবাক্স থেকে এক লাখ ৩৫ হাজার টাকা চুরি করে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান সোহেল। হাসপাতাল কর্তৃপক্ষ দাউদকান্দি এলাকা থেকে তাঁদের একটি বাস থেকে আটক করে নিয়ে আসে। রাতে হাসপাতালের একটি কক্ষে সোহেলকে বেদম মারধর করে তাঁর কাছ থেকে এক লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করে কর্তৃপক্ষ।