হাসপাতাল কর্মচারীদের মারপিট, ৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওপর হামলার ঘটনায় হাসপাতালের সামনে থাকা ৭০ জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সদর থানায় এ মামলা করেন।হাসপাতাল চত্বরে বুধবার কয়েকজন দালাল হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কর্মচারীরা মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা হাসপাতাল থেকে বহিরাগত দালালদের বিতাড়নের দাবি জানান। এ জন্য তাঁরা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্তৃপক্ষের কাছে তাঁরা ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি মেনে নেওয়ার দাবি জানান।হাসপাতালের পরিচালক এই ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করাসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পর থেকে দালালেরা গা-ঢাকা দিয়েছে।সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, এসব দালালের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। এবার মামলার পর থেকে তাদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।