হাসপাতাল, কারাগারে মানবাধিকার লঙ্ঘন!
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, শিশুসদনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেবার নামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। গতকাল বুধবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশ থেকে এ অভিযোগ করেন বক্তারা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মহানগর ও জেলা কমিটি এবং আইন সহায়তাকেন্দ্র (আসক) যৌথভাবে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে যখন মানবাধিকার দিবস পালন হচ্ছে তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার পরিবর্তে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে চলেছেন চিকিৎসকেরা। রোগীদের সঙ্গে চিকিৎসাসেবার পরিবর্তে দুর্ব্যবহার করছেন তাঁরা।
বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে দুপুর থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত কোনো জ্যেষ্ঠ চিকিৎসককে পাওয়া যায় না। তাঁরা বিভিন্ন ক্লিনিক ও চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। সাময়িক সময়ের জন্য ‘রাউন্ড’-এর নামে এলেও রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
কারাগারের খাবারের মান নিয়ে বক্তারা বলেন, বন্দী কয়েদিদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। একইভাবে সরকারি শিশুসদন ও এতিমখানার খাবার মানও খারাপ। তাঁরা অবিলম্বে এসব অব্যবস্থাপনা দূর করার জোর দাবি জানান।
আইন সহায়তাকেন্দ্র রাজশাহীর সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আসকের সদস্যসচিব আইয়ূব আলী তালুকদার প্রমুখ।