হাসপাতাল-ক্লিনিকে কর্মবিরতি সড়ক অবরোধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের সিভিল সার্জন, সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীর ওপর শুক্রবারের হামলার প্রতিবাদে গতকাল শনিবার থেকে জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কর্মবিরতি চলছে। এ অবস্থায় রোগীরা ভোগান্তিতে পড়েছে। হাসপাতালে ভাঙচুর ও হামলার প্রতিবাদে আন্দোলনের জন্য গঠিত কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গতকাল শহরে মিছিল ও সমাবেশ করেছেন। পরিষদের সদস্যসচিব সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, হাসপাতালে ভাঙচুর ও হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। দোষীদের গ্রেপ্তার করা না হলে ৪৮ ঘণ্টা পরে হাসপাতাল অচল করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে শরীয়তপুর সদর হাসপাতাল, জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬৪টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ৪৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি চলছে। শুধু জরুরি বিভাগে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। সংগ্রাম পরিষদের আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলার সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। সংগ্রাম পরিষদের ব্যানারে শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা মিছিল ও সড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে তাঁরা সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ শেষে হাসপাতাল চত্বরে সমাবেশ করেন। শনিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর হাসপাতাল ও দুপুর ১২টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের ভিড়। চিকিৎসকদের কক্ষ তালাবদ্ধ। আন্তবিভাগে শুক্রবার রাত থেকে চিকিৎসাসেবা বন্ধ। অনেকে রোগীদের নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা শৌলপাড়া গ্রামের খাদিজা আক্তার বলেন, ‘দুই ঘণ্টা ধরে হাসপাতালে আছি। কোনো চিকিৎসক পাচ্ছি না। পেটে প্রচণ্ড ব্যথা। এখন কোথায় চিকিৎসা নিতে যাব?’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম বলেন, সিভিল সার্জনের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টারের ছেলে অনু মেহেদী, ভাইয়ের ছেলে রতন মিয়া, তাদের বন্ধু আতিকুর রহমান, সজীব বেপারী ও সৈকত মাহমুদের নামে শুক্রবার রাতে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে। মৃতদেহ নেওয়ার জন্য অ্যামু্বলেন্স না পেয়ে শুক্রবার রাতে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করে। এ সময় তারা সিভিল সার্জনের ওপরও হামলা চালায়।