হাসপাতাল খুলে প্রতারণা সাতজনের কারাদণ্ড
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অ্যাজমা হাসপাতাল খুলে ওই এলাকা থেকে চাকরি ও চিকিৎসাসেবার নামে ১৫ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাত প্রতারকের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আবদুল্লাহেল বাকী ওই রায় দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বড়িয়াহাটের অ্যাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম হোসেন ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে অ্যাজমা হাসপাতাল চালু করেন। তিনি ওই হাসপাতালের ৩২টি ইউনিয়নে একজন সুপারভাইজার ও ২৮৮টি ওয়ার্ডে একজন করে সেবিকা নিয়োগ দেওয়ার নামে এলাকার নারীদের কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া পাঁচটি উপজেলায় কর্মকর্তা পদে চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় আরও পাঁচ লাখ টাকা। কথিত ওই অ্যাজমা হাসপাতালে প্রতি মাসে ছয় হাজার রোগী নিয়ে আসার শর্তে ওই সব সুপারভাইজার ও সেবিকাকে বেতনের নিশ্চয়তা দেওয়া হয়। এ কারণে বৃহস্পতিবার তাঁরা নিজ নিজ এলাকা থেকে রোগী নিয়ে ওই অ্যাজমা হাসপাতালে আসেন। পরে সন্দেহ হলে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
অভিযোগ পেয়ে ইউএনও আবদুল্লাহেল বাকী নিশ্চিন্তা বাজারের ওই হাসপাতালে যান। এ সময় কর্তৃপক্ষ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি হাসপাতালের ব্যবস্থাপক সুলতান মাহমুদ, কর্মকর্তা ফারুক হোসেন, চিকিৎসক রাশেদা বেগম, সুপারভাইজার নাসিমা এজাজ, কোষাধ্যক্ষ রোখসানা বেগম, ওষুধ সরবরাহকারী মাসুদ রেজা ও শহিদুল ইসলামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় শালবন গ্রামের মোর্শেদা বেগম ও সরাইল গ্রামের শ্যামলী বেগম জানান, চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে এক হাজার করে টাকা নেওয়া হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ জানান, অ্যাজমা ফাউন্ডেশন বা হাসপাতালের নামে জেলা সমাজসেবা অধিদপ্তরে কোনো নিবন্ধন নেই।