
নগরের শাহি ঈদগাহ খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মাঠের পশ্চিম দিকে অবস্থিত সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল। সেই হাসপাতালের দিকে মুখ করে মেলা উপলক্ষে নির্মাণ করা হয়েছে শৌচাগার। এতে মেলা চলাকালে হাসপাতালের পরিবেশ দূষিত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
তা ছাড়া শৌচাগারগুলো পাকা ও স্থায়ী রূপ দিয়ে নির্মাণ করায় মেলা শেষেও এগুলোর ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, শৌচাগারের কারণে হাসপাতালের নির্মল পরিবেশ বিনষ্ট হবে। রোগীদের পড়তে হবে বিড়ম্বনায়।
প্রায় দুই বছর আগে টানা তিন মাস এ মাঠে বাণিজ্য মেলা করেছিল সিলেট মেট্রোপলিটন চেম্বার। তখনো টিনের বেড়া দিয়ে হাসপাতালের দিকটা আটকে দেওয়া হয়েছিল। এতে অবরুদ্ধ হয়ে পড়েছিল হাসপাতাল। এবার নির্মাণ করা হলো শৌচাগার। এতে নারী ও পুরুষের জন্য ৭টি করে মোট ১৪টি শৌচাগার তৈরি করা হয়েছে। মেলা উদ্বোধনের সম্ভাব্য তারিখ আগামী ৯ মার্চ।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন মেট্রোপলিটন চেম্বারের নিযুক্ত একটি ইভেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা। মাঠের মুখে ফটক, সীমানাপ্রাচীর ও স্টলের নির্মাণকাজ চলছে। তবে সবার আগে নির্মাণ করা হয়েছে শৌচাগারগুলো। হাসপাতালের দিকে মুখ করে নির্মিত শৌচাগারগুলোর নিষ্কাশনব্যবস্থা নেই। এগুলোর ব্যবহার শুরু হলে উৎকট গন্ধে হাসপাতালের লোকজনকে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আহাদ বলেন, হাসপাতাল একটি স্পর্শকাতর জায়গা। লাগোয়া স্থানে শৌচাগার হলে সমস্যা কী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে জানানো হবে।
‘ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ নামের একটি ইভেন্ট প্রতিষ্ঠান মেলার কাজ করছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন, মাসব্যাপী মেলা চলার কথা বলা হলেও প্রতিবারই ব্যাপ্তি বাড়ে, এবারও দু-তিন মাসে গড়াতে পারে। এ জন্যই সবকিছুর কিছুটা স্থায়ী রূপ দেওয়া হচ্ছে।
শৌচাগারগুলো হাসপাতাল ঘেঁষে কেন—প্রশ্নে ওই কর্মকর্তা বলেন, ইভেন্ট প্রতিষ্ঠানের পরিচালক মঈন খানের নির্দেশনায় এ স্থান বেছে নেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে মঈন খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে মেলার আয়োজক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রথম সহসভাপতি হাসিন আহমদ বলেন, তিনি কাজগুলো দেখে কী ব্যবস্থা নেওয়া যায়, তা দেখবেন।
হাসপাতালের মোট জায়গার পরিমাণ ১ একর ৭ শতক। এর মধ্যে পূর্ব দিকে শাহি ঈদগাহ খেলার মাঠের মধ্যে পড়েছে ৪ শতক জায়গা। ওই জায়গায় ২০১৪ সালের মেলার সময় টিনের বেড়া দিয়ে হাসপাতালের পূর্ব দিক আটকে দেওয়া হয়েছিল। এ নিয়ে প্রথম আলোয় ‘হাসপাতাল অবরুদ্ধ করে বাণিজ্য মেলা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।