হাসপাতাল চত্বরে গাছ পড়ে আছে আড়াই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের গোলচত্বরে আড়াই মাস ধরে পড়ে আছে একটি বড় ইউক্যালিপটাসগাছ। গত ১ মে ঝড়ে হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় এভাবে ২২টি গাছ পড়ে থাকলেও আইনি জটিলতায় তা সরানো সম্ভব হচ্ছে না। হাসপাতালের একটি পক্ষ কিছু গাছ আত্মসাৎ করার জন্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, গোলচত্বরের প্রাচীর ভেঙে ইউক্যালিপটাসগাছটি পড়ে আছে। এতে ওই রাস্তায় গাড়ি তো দূরের কথা একজন পথচারীও পার হওয়ার উপায় নেই। যাঁরা গোলচত্বর হয়ে গাড়ি নিয়ে পরিচালকের কার্যালয়ে ঢুকতে যাবেন, তাঁরা যে পথে ঢুকছেন পেছন ফিরে তাঁদের সেই পথেই আসতে হচ্ছে।
হাসপাতালের ভেতরেও নতুন ভবনের সামনে একটি কৃষ্ণচূড়ার গাছ উপড়ে গেছে। সেখানে পড়ে থাকা গাছটি কোনো রাস্তা আগলে না থাকলেও পড়ে থাকার কারণে হাসপাতালের ভেতরের পরিবেশ নষ্ট হচ্ছে। এভাবে হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় ২২টি গাছ পড়ে আছে।
নিয়ম অনুযায়ী, এসব গাছের জন্য বন বিভাগের কাছ থেকে মূল্য নির্ধারণ করে নিতে হয়। তারপর কাগজে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে প্রকাশ্যে নিলামে সেই গাছ বিক্রি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছগুলোর জন্য বন বিভাগের কাছে মূল্য নির্ধারণের জন্য বলা হয়েছিল। কিন্তু মূল্য নির্ধারণ শেষ হয়তেই প্রায় এক মাস সময় লেগে যায়।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, এমনিতেই বন বিভাগের লোকবল কম। তা ছাড়া এবার বিভিন্ন এলাকায় অনেক গাছ পড়ে গেছে। সেগুলো নিয়ে তাঁদের কাজ করতে হয়েছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছের মূল্য নির্ধারণ নিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। একটি পক্ষ এসে কিছু গাছ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করার জন্য তাঁদের চাপাচাপি করছিল। এ জন্য তাঁরা প্রথমত মূল্য নির্ধারণ করতে যাননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দেয় যে প্রয়োজনে বন বিভাগের লোক এলে তারা পুলিশ দিয়ে সহযোগিতা করবে। এসব করতে গিয়ে দেরি হয়ে গেছে। এর পরে তাঁরা মূল্য নির্ধারণ করে দিয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, মূল্য নির্ধারণ করতেই দেরি হয়ে গেছে। তারপর তাঁরা কাগজে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছিলেন। কিন্তু দরদাতারা এত কম দর দিয়েছে যে সেই দামে গাছ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তাঁরা আবার দরপত্র আহ্বান করছেন। ২১ জুলাই নিলামের পরবর্তী দিন রয়েছে। ন্যায্য দাম না পাওয়া গেলে তাঁরা পর পর তিনবার বিজ্ঞপ্তি দেবেন। তারপর যে দামেই হোক বিক্রি করতে হবে। তিনি বলেন, গাছটি যেভাবে রাস্তার ওপরে পড়ে রয়েছে তা অস্বস্তিকর।