হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে বৈজ্ঞানিক কর্মশালার উদ্বোধন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার ‘অর্থোপেডিকস ও প্লাস্টিক সার্জারিবিষয়ক বৈজ্ঞানিক অধিবেশন ও কর্মশালার উদ্বোধন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী। কিন্তু ওই অনুষ্ঠান হাসপাতালের রোগী ও রোগীর স্বজনদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত চলা উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহূত ছয়টি মাইকের বিকট শব্দে অনেক রোগী কানে আঙুল দিয়ে ছিলেন। পরে মূল অনুষ্ঠান অধিবেশন ও কর্মশালা হাসপাতালের ভেতর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে হাসপাতাল ভবন ও ট্রমা সেন্টারের মধ্যবর্তী ফাঁকা অংশে শামিয়ানা টাঙিয়ে ও মঞ্চ নির্মাণ করে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিল ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ। সকাল ১০টা থেকে ছয়টি মাইক বাজিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি চলতে থাকে। এতে হাসপাতাল ও ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রোগীরা দুর্ভোগ পোহান। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন গ্যাংগ্রিনে আক্রান্ত সালথা উপজেলার রসুলপুর গ্রামের সৈয়দ আলী (৩৮) বলেন, ওই অনুষ্ঠান চলাকালে মাইকের কানফাটানো শব্দে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। এ সময় আমরা অনেকে কানে আঙুল দিয়ে ছিলাম। বার্ধক্যজনিত রোগে একই বিভাগে চিকিৎসাধীন নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের শেখ সুলতান (৭০) বলেন, ওই অনুষ্ঠান চলাকালে কোনো বিশেষজ্ঞ চিকিত্সক ওয়ার্ড পরিদর্শনে আসেননি। ইন্টার্নি চিকিত্সকেরা রোগী দেখে যান।এ সময় হাসপাতালের ভেতর ঢুকতে না পেরে অনেক রোগী ও তাঁদের স্বজনকে হাসপাতালের ফটকের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ভাঙ্গা উপজেলা থেকে জোবেদা বেগম (৩২) নামে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে ওই হাসপাতালে আনা হয়। সঙ্গে আসা তাঁর খালা মর্জিনা বেগম (৪২) বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের লোকসমাগমের কারণে তাঁদের অ্যাম্বুলেন্স হাসপাতালের ভেতর ঢুকতে পারছে না। পরে তাঁরা অন্য কোনো বেসরকারি হাসপাতালের দিকে রওনা হন। বেলা ১১টার দিকে তিন শতাধির মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাসের একটি বহর দৌলতদিয়া ঘাট থেকে সাজেদা চৌধুরীকে স্বাগত জানিয়ে ফরিদপুর নিয়ে আসে। দুপুর ১২টায় সাজেদা চৌধুরী অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দা থেকে ৬০টি বাসে করে দলের নেতা-কর্মীরা আসেন। তাঁদের স্লোগানে হাসপাতাল চত্বর মুখরিত হয়ে ওঠে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুদাস সিকদার বলেন, অনুষ্ঠান চলাকালে হাসপাতালে কোনো রোগীর সমস্যা হয়েছে বলে তিনি অভিযোগ পাননি। বিশেষজ্ঞ চিকিত্সকেরা যথারীতি নিজ নিজ ওয়ার্ডে গিয়ে তাঁদের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, প্রথমে পুরো অনুষ্ঠানই হাসপাতালের ভেতর করার পরিকল্পনা ছিল। কিন্তু সাজেদা চৌধুরী আসায় উদ্বোধনী অনুষ্ঠান বাইরে করার সিদ্ধান্ত নেওয়া হয়। মাইকের প্রচণ্ড শব্দের ব্যাপারে গুরুদাস সিকদার বলেন, বৃহত্ কর্মের জন্য ছোটখাটো অপরাধ ক্ষমা করা যায়। জেলা প্রশাসক হেলাল উদ্দিন আহমদ বলেন, আমি ভেবেছিলাম অনুষ্ঠানটি হাসপাতালের ভেতর সম্মেলন কক্ষে হবে। কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে অবাক হই। বাইরের এই অনুষ্ঠানটিকে আমার সেমি-রাজনৈতিক মনে হয়েছে।