হাসপাতাল ছাড়ছেন উড়োজাহাজ দুর্ঘটনায় আহত অ্যানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি। প্রথম আলো ফাইল ছবি
কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি। প্রথম আলো ফাইল ছবি

নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত আলামুন নাহার অ্যানি আজ মঙ্গলবার হাসপাতাল ছাড়ছেন। গত ১৬ মার্চ অ্যানিকে কাঠমান্ডু থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক সামন্ত লাল সেন বলেন, অ্যানির অবস্থা ভালো। তাঁকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। বেলা ১১টা নাগাদ তিনি বাড়ি যেতে পারবেন।

ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় আহত অ্যানি স্বামী ও সন্তান হারিয়েছেন। স্বামী–সন্তানের শোকে এখন নীরবে কাঁদেন তিনি।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার ড্যাস ৮ কিউ ৪০০ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ক্রুসহ বিমানের ৭১ জনের সবাই হতাহত হন। তাঁদের মধ্যে ২৬ বাংলাদেশি, ২২ নেপালি, ১ জন চীনাসহ ৪৯ জন নিহত হন। আর ১০ বাংলাদেশি, ৯ নেপালি, ১ মালদ্বীপের নাগরিকসহ ২০ জন আহত হন।

ওই উড়োজাহাজে যাত্রী ছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের পাঁচজন। তাঁদের মধ্যে এফ এইচ প্রিয়ক ও তাঁর মেয়ে আড়াই বছরের তামারা প্রিয়ন্ময়ী নিহত হন। আহত হন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি এবং মেহেদী হাসান ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা।