প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর-এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল গতকাল মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন। তাঁকে চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে থাকতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘আহমেদুর রশীদ বাড়িতে ফিরতে চাইছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজনের মধ্যে রণদীপম বসুকেও এ সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ছেড়ে দেওয়ার কথা আমরা ভাবছি। তবে তারেক রহিমকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।’ তিনি বলেন, তারেক রহিমের হাতে দুই দফা অস্ত্রোপচার হয়েছে। আরও কয়েকটি অস্ত্রোপচার লাগতে পারে।
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তরা আহমেদুর রশীদ, তারেক রহিম ও রণদীপম বসুকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
গতকাল সন্ধ্যায় আহমেদুর রশীদের স্ত্রী শামীম লুনা বলেন, তাঁর স্বামী এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।