হাসপাতাল ছাড়লেন মুক্তিযোদ্ধা কাঁকন বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া হুইলচেয়ারে করে গতকাল বাড়ি ফিরে গেছেন কাঁকন বিবি l ছবি: প্রথম আলো
সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া হুইলচেয়ারে করে গতকাল বাড়ি ফিরে গেছেন কাঁকন বিবি l ছবি: প্রথম আলো

এক মাস পাঁচ দিন চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে বাড়ি গেছেন মুক্তিযোদ্ধা নূরজাহান বেগম ওরফে কাঁকন বিবি। গতকাল শনিবার হাসপাতালের দেওয়া হুইলচেয়ারে করে বাড়ি ফেরেন তিনি।

দুপুরে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক চিকিৎসার ছাড়পত্র ও হুইলচেয়ার দেন কাঁকন বিবিকে। এরপর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাড়ির উদ্দেশে চলে যান তিনি।

হাসপাতালটির পরিচালক বলেন, কাঁকন বিবি হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাঁকে দীর্ঘমেয়াদি চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ২৩ জুলাই অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

ছাড়পত্র দেওয়ার সময় হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) আলা উদ্দিন আহমদ, সহকারী পরিচালক (প্রশাসন) আজিজ আহমদ, চিফ মেট্রন শিউলী আক্তারসহ কাঁকন বিবির পরিবারের সদস্যরা ছিলেন।

কাঁকন বিবি ১৯৭১ সালে ৫ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। তিনি পাকিস্তানি বাহিনীর অভ্যন্তরে ভিক্ষুকসহ নানা ছদ্মবেশে মুক্তিযোদ্ধাদের জন্য খবর সংগ্রহ করতেন। দেশ স্বাধীনের পর প্রথম দিকে এ অবদানের স্বীকৃতি না পাওয়ায় তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। ১৯৯৭ সালের দিকে দুটি জাতীয় পত্রিকায় কাঁকন বিবির বীরত্বগাথা প্রকাশ পায়। সে বছরই বিজয় দিবসে বঙ্গভবনে সংবর্ধনা দিয়ে তাঁকে ‘বীর নারী’ উপাধি দেওয়া হয়।