হাসপাতাল থেকে আসামির পলায়ন, তিন পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ডাকাতি মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে।সাময়িক বরখাস্ত হওয়া ওই তিন পুলিশ সদস্য হচ্ছেন রাজবাড়ী পুলিশ লাইনের নায়েক মো. হাফিজুর রহমান, কনস্টেবল মনজুরুল আলম ও আইয়ুব হোসেন। পুলিশ সুপার এস এম আইনুল বারী তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।রাজবাড়ী সদর থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটায় রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিদ্দিকুর রহমান (৩০) পেটে ব্যথার কথা বলে শৌচাগারে ঢোকে। পরে তিনি সুযোগ পেয়ে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান। দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি শৌচাগার থেকে বের না হওয়ায় পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকে ছিদ্দিকুরকে পাননি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভোরে আন্তজেলা ডাকাত দলের আট সদস্য দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ট্রাকের লাইনম্যান আবদুর রবের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। পরে উপজেলার কোলারহাট এলাকায় স্থানীয় জনতা ছিদ্দিকুর রহমানসহ তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অপর দুই ডাকাত হচ্ছেন সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের অচিন্ত বিশ্বাস (২২) ও গোয়ালন্দ পৌর এলাকার নাসির উদ্দিন সরদার পাড়ার সাহিন মোল্যা (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পুলিশি পাহারায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।