হাসপাতাল থেকে আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন চুরির মামলার এক আসামি গত মঙ্গলবার রাতে পালিয়ে গেছেন। ওই ওয়ার্ডে কর্তব্যরত পুলিশের দুই কনস্টেবলকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। পলাতক আসামির নাম আলমগীর হোসেন (২৪)। তাঁর বাড়ি সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় একটি মোটরসাইকেল চুরি করতে গিয়ে গত রোববার রাতে আলমগীর গণপিটুনির শিকার হন। পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। তাঁর নিরাপত্তার দায়িত্বে পুলিশের দুজন কনস্টেবল কর্মরত ছিলেন। মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে গত সোমবার শিবরামপুর এলাকার মিজানুর রহমান বাদী হয়ে আলমগীরসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাখাওয়াৎ মোস্তফা জানান, আহত আসামি আলমগীরের নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত ছিল। তাঁদের ফাঁকি দিয়ে মঙ্গলবার রাত আটটার দিকে আলমগীর পালিয়ে যান। তিনি দাবি করেন, পুলিশি পাহারায় কোনো রোগী চিকিৎসাধীন থাকলে তাঁর নিরাপত্তার দায়িত্ব পুলিশের। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করার নেই।ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে আসামি পালিয়ে যাওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী মঙ্গলবার রাতেই আলমগীরের নামে আরেকটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক অখিল বিশ্বাস বলেন, পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দায়িত্বে অবহেলার জন্য ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।