দুর্বৃত্তের হামলায় আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেষ বর্ষের
শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক তন্ময় আহমেদকে হাসপাতালে দেখতে গিয়ে আটক হয়েছেন এক
শিবিরকর্মী।
পুলিশ জানিয়েছে, আটক শিবিরকর্মীর নাম রায়হান কবির। তিনি রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
হাসপাতাল ও তন্ময়ের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন
তন্ময় আহমেদকে দেখতে যান রায়হান কবির। তন্ময় তাঁর পরিচয় জানতে চান। কিন্তু রায়হান পরিচয় না দিয়ে কাচুমাচু করতে
থাকেন। এ সময় তন্ময় চিৎকার দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর চিৎকারে ওয়ার্ডে থাকা রোগীর স্বজনেরা তাঁকে
আটকে রাখেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে এসে রায়হানকে আটক করে নিয়ে যায়।