হাসপাতাল থেকে ওষুধ চুরির ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদর হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করে বাইরে বিক্রির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবদুস ছামাদ প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে সরকারি ওষুধ বাইরে বিক্রির ঘটনা তদন্তে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (গাইনি) মো. লুৎফর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. সেলিম মিঞা। কমিটিকে কাল রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সঙ্গে হাসপাতালের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, সদর থানার পুলিশ গত মঙ্গলবার শহরের শেরি ব্রিজ এলাকা থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের বিক্রিনিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করে। এ সময় সদর হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স নাসরিন বেগম ও চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. আবদুল ওয়াহাব এবং ওষুধ বিক্রেতা মো. আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ শহরের রাজবল্লভপুর এলাকা থেকে অর্ধ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করে এবং ফরহাদ মিয়া ও তাঁর স্ত্রী শিউলি বেগমকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর রাতেই স্বামী-স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল করিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া সরকারি ওষুধ গত মঙ্গলবার করা মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া সরকারি ওষুধ বিক্রির সঙ্গে সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের (পুরুষ) ইনচার্জ শরিফা আক্তারের নাম এসেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সঙ্গে জেলা কারাগারে থাকা হাসপাতালের দুই কর্মচারীসহ তিনজনকে রিমান্ডে নেওয়া হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে ওষুধ চুরির ঘটনার প্রকৃত রহস্য ও এর সঙ্গে কারা কারা জড়িত তা জানা সম্ভব হবে।