হাসপাতাল থেকে ওয়ার্ড চার কিলোমিটার!
ডায়রিয়াসহ নানা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ, সংক্রামক ব্যাধি ওয়ার্ড হাসপাতাল থেকে চার কিলোমিটার দূরে রংপুর শহরের অপর প্রান্তে অবস্থিত। তাই হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের সেখানে গিয়ে সেবা নিতে হয়। হাসপাতাল সূত্র জানা গেছে, ১৯৬০ সালে শহরের পৌরসভার সামনে সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে সদর হাসপাতাল বিলুপ্ত করে এটিকে হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ড করা হয়। সে সময় থেকে এখানে ডায়রিয়া ও বসন্তে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হয়। এখানে ১৫টি শয্যা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মধ্যখানে এই ওয়ার্ডটি (যা সদর হাসপাতাল হিসেবে পরিচিত) অবস্থিত হওয়ায় ডায়রিয়া কিংবা অন্য কোনো সংক্রামক রোগে আক্রান্ত রোগীরা এখানে ছুটে আসেন। কিন্তু এখানে কোনো রোগীকে ভর্তি করার নিয়ম নেই। এ কারণে রোগীদের মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হতে হয়। মেডিকেল কলেজ হাসপাতালটি শহরের অপর প্রান্তে ধাপ এলাকায় অবস্থিত। সেখানে ভর্তি হওয়ার পর ওই রোগীকে আবার ফিরে গিয়ে চিকিৎসা নিতে যেতে হয় ওই সংক্রামক ব্যাধি ওয়ার্ডেই। গত সোমবার হাসপাতালের জরুরি বিভাগে কথা হয় ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজন রোগীর স্বজনের সঙ্গে। এদের মধ্যে মাহিগঞ্জের রোকসানা পারভীন বলেন, ‘কোলের সন্তানের ডায়রিয়া হওয়ার পর সদর হাসপাতালোত (সংক্রামক ব্যাধি ওয়ার্ড) ছুটি যাই। ভর্তি না করিয়া মেডিকেলোত পাঠায়। সেটে ভর্তি হয়া ফির এই হাসাতালোত পাঠাইল। এটে সরাসরি ভর্তি করাইলে কতো সুবিধা হইল হয়।’ বড় বাড়ি এলাকার বিলকিছ আক্তারের এক সন্তান ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হতে আসে। বিলকিছ বলেন, ‘সদর হাসপাতালোত (সংক্রামক ব্যাধি ওয়ার্ড) আসনো, এটে থাকি পাঠে দেলে মেডিকেলোত, সেটে থাকি ফির আগের জায়গাত। এমন ঘোরাঘুরি করতে ছাওয়াটার শরীর আরও কাহিল হয়া গেলো।’ হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ ব্যবস্থা চলে আসছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে।