হাসপাতাল থেকে কারাগারে আরিফুল
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে আজ রোববার হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। বেলা একটার দিকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ছগির মিয়া।
কারাগার সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২৬ সেপ্টেম্বর সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগে ভর্তি করা হয়েছিল।
হাসপাতাল সূত্র জানায়, তিন সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে একটানা প্রায় তিন সপ্তাহ আরিফুল হক চৌধুরীর চিকিৎসার পর আজ তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে করা পৃথক দুই মামলায় অভিযুক্ত হওয়ায় ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।