হাসপাতাল থেকে কারাগারে বখতিয়ার
রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ বৃস্পতিবার বেলা দুইটার দিকে তাঁকে হস্তান্তর করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন হাসাপাতালের সহ-পরিচালক আনোয়ারা শরিফ। এর আগে ৭ মার্চ সোমবার ১৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড বৈঠক করে তাঁকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বখতিয়ার আলম নেশাগ্রস্ত অবস্থায় গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে প্রাডো গাড়ি থেকে তাঁর পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠর অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রাতে রমনা থানায় হত্যা মামলা করেন।
পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর ছেলে বখতিয়ারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
কারা সূত্র জানায়, বখতিয়ার কারাগারে ডিভিশনভোগী আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারাধ্যক্ষ মো. নেছার আলম গত বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বখতিয়ার অর্থোপেডিক সমস্যায় ভুগছেন—কারা কর্তৃপক্ষকে এ কথা বলার পর চিকিৎসকের পরামর্শে গত ৩১ জানুয়ারি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
কারা সূত্র জানায়, এর আগেও বখতিয়ার অসুস্থতার কথা বলে চার দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তাঁর কোনো রোগ খুজে পাননি।
আরও পড়ুন...
হাসপাতালে আয়েশেই আছেন সাংসদপুত্র