হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সহিদা বেগম নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী মিনারা বেগম গত ২৮ অক্টোবর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে শিশুর জন্ম দেন। শনিবার বিকেলে সহিদা বেগম কৌশলে শিশুটিকে চুরি করে পালিয়ে যান। পরে শিশুটির মা মিনারা বেগম মুঠোফোনে তাঁর আত্মীয়স্বজনদের বিষয়টি জানালে তাঁরা মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসে ওঠে শিশুটির সন্ধান করতে থাকেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিনারার খালা মোসলেমা খাতুন এলাকাবাসীর সহযোগিতায় তারাগঞ্জ বাসস্ট্যান্ডে সৈয়দপুরগামী একটি বাস থেকে সহিদাকে আটক এবং শিশুটিকে উদ্ধার করেন। পরে তারাগঞ্জ থানার পুলিশ সহিদা ও শিশুটিকে রংপুরের কোতোয়ালি থানায় পাঠায়। কোতোয়ালি থানার ওসি সাহাবুদ্দি খলিফা বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। সহিদাকে কারাগারে পাঠানো হয়েছে।