হাসপাতাল থেকে নবজাতক চুরি!
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে আদিবাসী পরিবারের চার ঘণ্টা বয়সী একটি নবজাতক চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালের গাইনি বিভাগ থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে নবজাতকের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও গতকাল রাত পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। হাসপাতাল সূত্র জানায়, মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারূপা চা-বাগানের শ্রমিক পলাশ সাঁওতালের (২৪) সন্তানসম্ভবা স্ত্রী দিপালী বুনার্জিকে গত বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। রাত দেড়টায় তাঁর অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলেসন্তানের জন্ম হয়।নবজাতকের বাবা পলাশ সাঁওতাল জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ইনজেকশন দেওয়ার কথা বলে দুজন নারী নবজাতকটিকে তাঁর শয্যা থেকে নিয়ে যায়।হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘এটা আসলে চুরি নয়, একধরনের বোকামি। তাঁরা অপরিচিতদের হাতে দেওয়ায় এমনটি হয়েছে।’