হাসপাতাল থেকে নবজাতক চুরি!

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে ১১ দিনের এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নবজাতকের বাবা । কিন্তু আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতককে উদ্ধার করতে পারেনি পুলিশ।
তবে নবজাতক চুরির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আধুনিক সদর হাতপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম।
নবজাতকের পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন নেত্রকোনার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের আবুল কাশেমের স্ত্রী ববিতা আক্তার (২৮)। সপ্তাহখানেক পর ময়মনসিংহ হাসপাতাল থেকে নিজের বাড়িতে ফিরে যান তিনি। গত রোববার দুপুরে পেটের সেলাই কাটাতে নেত্রকোনা সদর হাসপাতালে যান ববিতা। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুরের দিকে ববিতাকে মহিলা ওয়ার্ড থেকে লেবার ওয়ার্ডে পাঠিয়ে পেটের সেলাই কেটে দেওয়া হয়। এ সময় ববিতা তাঁর নবজাতককে শাশুড়ি জায়েদা আক্তার ও বোন ঝরনা বেগমের কাছে রেখে যান। জায়েদা আক্তার শিশুটিকে কোলে নিয়ে লেবার ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জায়েদার কাছে গিয়ে বোরকা পরা এক নারী আদর করে শিশুটিকে তাঁর কোলে নেন। কিছুক্ষণ পর কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান ওই নারী।
নবজাতক চুরির সংবাদ পেয়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফকরুজ্জামান ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শিশুটির বাবা আবুল কাশেম গতকাল রাত ১০টার দিকে থানায় লিখিত অভিযোগ করেন। তবে আজ বিকেল পর্যন্ত ওই নবজাতককে উদ্ধার করতে পারেনি পুলিশ।
আধুনিক সদর হাতপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, ‘সদর হাসপাতাল থেকে কোনো নবজাতক চুরির ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে আমাকে ও আমার লোকজনদের হয়রানি করা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। যে স্থান থেকে (লেবার ওয়ার্ড) নবজাতকটি চুরির অভিযোগ করা হচ্ছে, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকলে সুবিধা হতো।