হাসপাতাল থেকে নবজাতক চুরি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শাহানা বেগম নামের একজন প্রসূতির এক দিন বয়সী একটি শিশু চুরি হয়েছে। গত বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।শাহানা ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, ২০ থেকে ২২ বছর বয়সের একজন তরুণী তাঁর কাছে এসে বলেন, ‘ও খুব সুন্দর হয়েছে। দেখতে আমার এক ভাগ্নের মতো। ওকে দেখে আমার ভাগ্নের কথা মনে পড়ছে। আমি ওকে একটু আদর করি, একটু কোলে নিই।’ কথাগুলো বলে তরুণীটি তাঁর সন্তানকে কোলে নিয়ে শাহানার মাথার দিকে বিছানার পাশে বসেন। দুই-তিন মিনিটের জন্য তিনি পাশ ফিরে শুয়ে ছিলেন। এরপর ঘাড় ফিরিয়ে দেখেন, তরুণীও নেই, নেই তাঁর সদ্যজাত সন্তানও। মঙ্গলবার বেলা ১১টায় সিজারের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন শাহানা বেগম। তাঁর শয্যার পাশে ছিলেন নানি অয়তুন্নেসা। তিনি একটি কাজে বাইরে যান। এ সময় ওই তরুণীটি আসেন। শিশু চুরির ঘটনার পর হাসপাতালে চিৎকার ও কান্নাকাটির এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহানার স্বামী হামেরদী ইউনিয়নের মচকুরণী গ্রামের ভাঙাড়ি ব্যবসায়ী ওবায়দুর মাতুব্বরের (৩৫) ছেলে। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেন ব্রাহ্মণকান্দা গ্রামের শাহানা বেগমকে। তাঁদের তিন বছর বয়সের একটি ছেলেসন্তান আছে। ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিসক রাজীব দে সরকার জানান, এর আগে এই জাতীয় কোনো ঘটনা এ হাসপাতালে ঘটেনি। এটি দুর্ভাগ্যজনক। শিশুটি উদ্ধার করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ চেষ্টা করছে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. শফিকউল্লাহ জানান, হাসপাতালের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, আশপাশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি চলছে।