হাসপাতাল থেকে নবজাতক চুরির এক দিন পর উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার এক দিন পর এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার জেলার আলেখাঁরচর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটিকে উদ্ধার করে। ঘটনার পর থেকে হাসপাতালের সেবিকা হাছিনা আক্তার ও আয়া খুরশিদা বেগম পলাতক রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মুন্সিরহাট ইউনিয়নের পেঁছাইমুড়ি গ্রামের মমিন মিয়ার স্ত্রী সেলিনা বেগম রোববার ভোরে ওই হাসপাতালে ভর্তি হন। ওই দিন সকালে তিনি একটি কন্যাশিশু প্রসব করেন। সকাল ১০টার দিকে আয়া খুরশিদা নবজাতক শিশুটিকে দেখার নাম করে হাসপাতালের বিছানা থেকে তুলে নিয়ে পালিয়ে যান। দীর্ঘক্ষণ ফিরে না আসায় সেলিনা ও তাঁর মা চিৎকার শুরু করলে হাসপাতালের লোকজনসহ রোগীরা জড়ো হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আয়া খুরশিদার সঙ্গে যোগাযোগ করে তাঁকে চাপ দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল দুপুরে কুমিল্লার আলেখাঁরচর এলাকা থেকে নবজাতককে উদ্ধার করে এনে তাঁর মায়ের কাছে ফেরত দেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজিবুল হক বলেন, ‘শিশুটিকে নিয়ে যাওয়ার পর আয়া ও সেবিকাকে চাপ দিয়ে উদ্ধারের ব্যবস্থা করি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুর রহমান মজুমদার বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।