হাসপাতাল থেকে নার্সের বাড়িতে নিয়ে সন্তান প্রসব, প্রসূতির মৃত্যু
নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মারজিয়া বেগমের বিরুদ্ধে হাসপাতাল থেকে প্রসূতিকে নিজ বাসায় নিয়ে সন্তান প্রসব করানোর অভিযোগ পাওয়া গেছে। সেখানে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। প্রসূতির পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া প্রসূতির নাম শিখা আক্তার (৩০)। তিনি উপজেলার হাফিজপুর এলাকার কৃষক তারা মিয়ার স্ত্রী।
পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মারজিয়া বেগম মনোহরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা ওরফে যাদু মোল্লার স্ত্রী। সোমবার বিকেলে শিখা আক্তারের প্রসববেদনা উঠলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে গেলে মারজিয়া বেগম কম খরচে স্বাভাবিক প্রসব করানোর কথা বলে শিখাকে নিজ বাসায় নিয়ে যান। এ জন্য তারা মিয়ার কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা নেন। এরপর তারা মিয়াকে ১ হাজার ২০০ টাকার ওষুধও কিনে আনতে বলা হয়। পাশাপাশি তারা মিয়াকে বলা হয়, প্রসবে সহায়তার জন্য বাড়ি থেকে একজন নারী ও প্রসূতির জন্য কাপড়চোপড় নিয়ে আসার জন্য। সন্ধ্যার পর শিখার প্রসব করানো হলে ছেলেসন্তানের জন্ম হয়। সে সময় থেকে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তবু তাঁকে বাড়ির কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন মারজিয়া। এ সময় তারা মিয়া অর্থ-সংকটের কথা জানিয়ে নরসিংদীতে নিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় মারজিয়া নিজে সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) এনে গুরুতর আহত শিখা ও তারা মিয়াকে তুলে দিয়ে চলে যেতে বলেন। পাশাপাশি এ ব্যাপারে কোনো ঝামেলা করলে বড় ধরনের সমস্যা হবে বলে তারা মিয়াকে হুমকি দেন মারজিয়া। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিখাকে মৃত ঘোষণা করেন।
তারা মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কম টেহা দিয়া চিকিৎসার কথা কইয়া বাড়িতে নিয়ে গেছে। বাচ্চা হওয়ার পরেই আমারে কইছে, নরসিংদী লইয়া যাওয়ার লাইগা। আমি টেহা নাই কইছি দেইহা জোর কইরা বাড়ি থেইকা বাইর কইরা দিছে। পরে হেরাই একটা সিএনজি ডাইকা নরসিংদী পাঠাইছে। পরে জেলা হাসপাতালের ডাক্তার কইছে, বউ মইরা গেছে। তাই কোনো কাগজ করে নাই। ঝামেলা অইব তাই সোজা বাড়ি লইয়া আইছি। এহন তো ডরে ডাক্তারের বাড়ি থেইকা আমার সাইকেল, ১ হাজার ২০০ টেহার ওষুধ, বোরখা, গামছা আনতে পারতাছি না।’
অভিযোগ অস্বীকার করে মারজিয়া বেগম বলেন, ‘স্বাভাবিক প্রসবের পর শিখা আক্তারের অনেক রক্তক্ষরণ হচ্ছিল। তাই জেলা হাসপাতালে নিয়ে যেতে বলছি। গরিব মানুষ বলে নিজেই এক হাজার টাকা দিয়ে সিএনজি ভাড়া করে দিয়েছি। পরে আর কোনো খোঁজ জানি না। ওই লোকের সাইকেল, কাপড়চোপড় আমার বাসায়ই রয়ে গেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল আলম বলেন, মারজিয়ার বিরুদ্ধে এর আগেও হাসপাতালের রোগী বাসায় নিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই রোগীও মারা গিয়েছিল। পরে মুচলেকা দিয়ে তিনি রেহাই পেয়েছিলেন। এবারও যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয়ে থাকে, অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।